কাউখালীতে প্রথমবারের মত  বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে জীবন 


এম এইচ ইকবাল    |    ১০:০৪ পিএম, ২০২১-০৬-১৪

কাউখালীতে প্রথমবারের মত  বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে জীবন 

রাঙামাটির কাউখালী উপজেলায় বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে 'জীবন'।

(১৪জুন) সোমবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে জীবন কাউখালী। কাউখালী জীবনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক উচাইথিন মারমা (থিন) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, স্বেচ্ছাসেবী সংগঠন কাউখালী ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, স্বপ্নবুনন কাউখালী উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ ইয়াছিন, যুব রেড ক্রিসেন্ট কাউখালী উপজেলার বিভাগীয় প্রধান-জনসংযোগ ও পরিকল্পনা বিভাগ মোঃ হৃদুয়ান হোসেন এবং জীবন কাউখালী চ্যাপটারের সদস্যগণ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, "কাউখালী উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জীবনের মাধ্যমে সকল সংগঠন একসাথে হবার সুযোগ হয়েছে তাই তিনি সংগঠনটির প্রশংসা করেন। রক্তদানের মত মহতী উদ্যোগকে সামাজিক আন্দোলনে রুপ দেয়ার যে লক্ষ্যে জীবন কাজ করছেন সেটিকে আরো ব্যপ্তি ঘটানোর জন্য তাঁর ও উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান তিনি। এছাড়াও জীবনের অন্যন্য কাজগুলো সম্পর্কেও তিনি নিয়মিত খোঁজ রাখেন বলে সভায় জানিয়েছেন।"

জীবনের কাউখালী চ্যাপটারের সাধারণ সম্পাদক উচাইথিন মারমা (থিন) বলেন, "জীবন সবসময় বিশ্বাস করে রক্তের বিকল্প শুধুই রক্ত। আমরা স্বেচ্ছায় রক্তদানে সবাইকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করা যাবে বলে বিশ্বাস করি।"

কাউখালী উপজেলায় এবারই সর্বপ্রথম সকল স্বেচ্ছাসেবী সংগঠনের একত্রিত হয়ে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে।